দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতির বিরুদ্ধে ওঠা ১২ ধরনের অভিযোগের বিষয়ে শুনানি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৩০ জুলাই দুপুর ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়ে এ অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, বাণিজ্য সংগঠন অনুবিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত শুনানির নোটিশ জারি করা হয়। রিহ্যাবের সহসভাপতি-১ মোহাম্মদ আক্তার বিশ্বাসের ২৬ জুলাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, বোর্ডের অনুমোদন ছাড়া রিহ্যাবের তহবিল থেকে দুই কোটি টাকা ব্যয়, স্ট্যান্ডিং কমিটি ও কমিটি গঠনে অনিয়ম, এজিএমের স্থান ও তারিখ নির্ধারণ এবং উত্তরা রিহ্যাব সেন্টারের জমিতে রিহ্যাব ভবন উদ্বোধন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতিকরণ এবং কার্যালয়ের গোপনীয় তথ্য প্রকাশ।
এ ছাড়া রিহ্যাব সামার ফেয়ার ২০২৬ আয়োজন, ক্রয়-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বিলুপ্ত করা, সরকারি পর্যায়ে বৈঠক ও প্রতিনিধিত্ব, সভাপতির পক্ষ নিয়ে পরিচালকের সঙ্গে অসদাচরণ এবং মেম্বারশিপ ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটিতে পরিচালকদের অন্তর্ভুক্ত না করার অভিযোগও রয়েছে।
অভিযোগের তালিকায় আরও রয়েছে, সিনিয়র সহসভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি-১-কে দায়িত্ব না দেওয়া এবং পরিচালনা পর্ষদের সভা ও সিদ্ধান্ত গ্রহণ-সংক্রান্ত বিষয়।
নোটিশে বলা হয়েছে, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় বিষয়গুলোর কার্যক্রম বন্ধ রাখতে রিহ্যাব সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শুনানিতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আগামী ৩০ জুলাই দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, বাণিজ্য সংগঠন অনুবিভাগের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এমএস/